‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, হাত ধোয়া প্রদর্শনী ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্ল্যাকার্ড, ফেস্টুন ও নানা সচেতনতামূলক স্লোগান নিয়ে অংশ নেন।
র্যালি শেষে ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা সহকারী প্রকৌশলী মো. আবদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম সাইয়ুম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আবু সাঈদ কালাম, ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম এবং সমাজসেবক এডভোকেট মামুন খান। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় ব ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়া ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার প্রথম ও প্রধান শর্ত। সংক্রামক রোগ প্রতিরোধে হাত ধোয়ার অভ্যাস শিশু বয়স থেকেই গড়ে তুলতে হবে। দৈনন্দিন জীবনে বিশেষ করে খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করলে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বহু মারাত্মক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।’
সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোয়া ও এর কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। পরে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পুরো অনুষ্ঠানটি সফল করতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মন্তব্য করুন