পটুয়াখালীর গলাচিপায় পূর্বের জমিজমার বিরোধের মামলার জেরে আজিজ আকন (৫৫) ও তার স্ত্রী আসমা বেগমকে (৪২) হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পানপট্টি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড তুলাতলি গ্রামে। গুরুতর আহত আজিজ ও আসমাকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
সূত্র জানায়, উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলাতলি গ্রামের আজিজ আকন (৫৫) এর সাথে প্রতিবেশী সেলিম হাওলাদারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এঘটনায় গত ১১ মে সেলিম হাওলাদার তার লোকজন আজিজ আকনকে মারধর করলে একটি মামলা করা হয়। বৃহস্পতিবার সকালে আজিজ আকন গলাচিপার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে সেলিম হাওলাদার লোকজন নিয়ে পথরোধ করে তাদের বাড়ি নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। এসময় তার ডাক চিৎকারে আজিজের স্ত্রী আসমা বেগম স্বামীকে উদ্ধারের জন্য গেলে তাকেও বেধরক মারধর করে পা ভেঙ্গে দেয়। গুরুতর আহত আজিজ ও আসমাকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
এব্যাপারে অভিযুক্ত সেলিম হাওলাদারের মুঠো ফোনে একাধিকবার চেষ্টা করেও কোন সংযোগ পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন