গলাচিপায় তরমুজ চাষের জমিতে বেড়িবাঁধ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে ১২জন আহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর বাংলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৫জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় ইউসুফ মাতুব্বর বাদী হয়ে গলাচিপা থানায় অভিযোগ দাখিল করেছেন।
সূত্র জানায়, উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর বাংলা গ্রামে ইউসুফ মাতুব্বরের বন্দোবস্তকৃত জমি মাপতে গেলে চর বিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের রুহুল আমীন হাওলাদার শতাধিক লোক নিয়ে বাধা দেয়। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধলে ওসমান খন্দকার (৭০), আক্কেল আলী প্যাদা (৮৫), বেলায়েত ফরাজী (৮৫), লোকমান সর্দার (৫০), ইউসুফ মাতুব্বর (৬০)সহ ১২জন আহত হয়।
আহত ইউসুফ মাতুব্বর জানায়, রুহুল আমীন হাওলাদারের লোকজন আমাদেরকে একটি ঘরের মধ্যে প্রায় ৩ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এ ব্যাপারে রুহুল আমীন হাওলাদারের মুঠো ফোনে একাধীকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিব।
মন্তব্য করুন