পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলায় এক পুলিশ সদস্য ও স্পীডবোট চালক আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বুড়াগৌড়ঙ্গ নদীতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য মো. জসিম ও স্পিডবোট চালক মো. শাহজালালকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গলাচিপার পানপট্টি লঞ্চঘাট থেকে আগুনমুখা, তেঁতুলিয়া ও বুড়াগৌড়ঙ্গ নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারের খবর পেয়ে শুক্রবার বিকেল থেকে ট্রলার ও স্পিডবোট নিয়ে মৎস্য বিভাগ এবং পুলিশ অভিযান চালায়। সন্ধ্যার দিকে রতনতী তালতলী এলাকায় বুড়াগৌড়ঙ্গ নদীতে দুটি জাল তুলতে গেলে দ্রুতগামী একটি ট্রলার বৈঠা দিয়ে হামলা করে। হামলায় পুলিশ সদস্য জসিম ও স্পিডবোট চালক মো. শাহজালাল আহত হয়।
এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ‘বুড়াগৌড়ঙ্গ নদীতে একটি ট্রালারে ১০ থেকে ১২জন জেলে অবৈধভাবে মা ইলিশ শিকার করছিল। তারা নদীতে জাল ফেলে কোথাও লুকিয়ে ছিল। জালগুলো উদ্ধারের সময় হঠাৎ করে দ্রুতগামী একটি ট্রলার উল্টা দিক থেকে এসে কোন কিছু বুঝার আগেই হামলা চালায়। সন্ধ্যা হওয়ায় আমরা কাউকে চিনতে পারিনি। এসময় একজন পুলিশ সদস্য ও স্পিডবোট ড্রাইভার মারাত্মক আহত হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে।’
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে।’
মন্তব্য করুন