পটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরের দিকে উপজেলার চরবিশ^াস ইউনিয়ন ভূমি অফিসের সামনে। দুর্ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত মাইশা চরবিশ^াস ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মো. রনি ও মাহিমা বেগমের কন্যা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে চরবিশ^াস ভূমি অফিসের সামনে নানা জলিল মোল্লার দোকান থেকে বের হয়ে একা রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই মাইশা প্রাণ হারায়। অটোরিকশা চালক মো. সজিবের বাড়ি চরবিশ^াস ইউনিয়নের দক্ষিণ চরআগস্তি গ্রামে।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। শিশুটির পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের দাবি করছেন। কিন্তু পুলিশের আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য করুন