পটুয়াখালীর গলাচিপায় শ্যালো মেশিন দিয়ে তৈরি দেশীয় প্রযুক্তির ড্রম ড্রেজার জব্দ ও নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা মোড় সংলগ্ন সরকারি খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে উপজেলা প্রশাসন ঘটনাস্থল থেকে ড্রেজারটি জব্দ করে। এসময় ড্রেজারের সরঞ্জামসহ শ্রমিক সাগরকে (২৫) গ্রেফতার করে মোবাইল কোর্টের আওতায় আনা হয় এবং অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে দোষীকে এ অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক।
জানা গেছে, ড্রম ড্রেজারের মালিক মো. ফকু বিশ্বাস। তিনি দীর্ঘদিন ধরে ড্রম ড্রেজারের মাধ্যমে অবৈধ বালি উত্তোলন ব্যবসার সাথে জড়িত ছিলেন।
ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন করা যাবেনা। উপজেলার কোথাও অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন করা হলে তা জব্দ করা হবে এবং এর সাথে জড়িত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য করুন