গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ে চিকিৎসা নেওয়া রোগীর মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) এ তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি করা হয়েছে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. শেখ সহিদুল ইসলাম, সদস্য সচিব পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. তাসমিয়া ছালছাবিল, অপর সদস্য হলেন পটুয়াখালী বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. মো. রেজাউর রহমান। এ তদন্ত কমিটিকে আগামী ৭কার্য দিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রদিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন পটুয়াখালী জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাহিদ আল রাকিব।
উল্লেখ্য, গলাচিপা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মৃধাকে শনিবার সকালে বিষধর সাপ কামড়ে দেয়। পরে চিকিৎসার জন্য তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাস কষ্ট শুরু হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেন উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন। পটুয়াখালী নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের ক্ষোভ ছড়িয়ে পড়ে। নেটিজেনরা দাবী করেন- স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টি ভেনম থাকার পরেও জাকির হোসেনকে তা দেওয়া হয়নি। এ ঘটনায় পটুয়াখালী জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাহিদ আল রাকিব তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।
মন্তব্য করুন