জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চলতি বছরে টানা দুইবার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। মে মাসের মতো জুনেও তাঁর এ কার্যক্রমে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন তিনি।
বরিশাল বিভাগের ৬ জেলার ৪২টি উপজেলার মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথম স্থান অর্জন করেছে গলাচিপা উপজেলা। শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধনের অগ্রগতির ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী, জুন মাসে গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। এর বিপরীতে নিবন্ধন সম্পন্ন হয়েছে ৫১৯টি, যা লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ। একই সময়ে মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি। সেখানে নিবন্ধন হয়েছে ২৬৯টি, যা লক্ষ্যমাত্রার ২৩২ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধন মিলিয়ে উপজেলার সার্বিক অর্জনের হার দাঁড়িয়েছে ১৭৭ শতাংশ, যা বরিশাল বিভাগের মধ্যে শীর্ষ স্থানে।
এদিকে জুন মাসের মূল্যায়নে পিরোজপুর জেলার মধ্যে প্রথম হয়েছে কাউখালী উপজেলা, যেখানে গড় অর্জন ১১৩ দশমিক ৫ শতাংশ। বরগুনায় প্রথম হয়েছে বামনা উপজেলা (১০১ শতাংশ), ভোলায় লালমোহন উপজেলা (৭৯ শতাংশ), ঝালকাঠিতে কাঁঠালিয়া উপজেলা (১০২ শতাংশ) এবং বরিশাল জেলায় প্রথম হয়েছে মুলাদী উপজেলা (৯৩ দশমিক ৫ শতাংশ)।
এ বিষয়ে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, “এ অর্জন সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা এবং জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের দিকনির্দেশনায় এ সাফল্য এসেছে।”
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে সারা দেশের ৫০৭টি উপজেলা ও সিটি করপোরেশনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বর্ষসেরা ইউএনও নির্বাচিত হন আবুজর মো. ইজাজুল হক।
মন্তব্য করুন