প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য মো. নুরুল হক তার নির্বাচনী এলাকায় ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে আবু নাঈমকে মনোনীত করেছেন। আবু নাঈম গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট শিবা এলাকার মো. শাহ আলম হাওলাদার এবং হালিমা বেগম দম্পতির পুত্র।
সোমবার (২২ জুন) প্রতিমন্ত্রীর প্যাডে জারি করা আধা-সরকারি পত্রে পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি আবু নাঈমকে প্রতিমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। আবু নাঈম পটুয়াখালী-৩ আসনের জনকল্যাণমূলক, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয় ও যোগাযোগ রক্ষা করবেন।
পত্রে উল্লেখ করা হয়েছে, প্রতিমন্ত্রীর পক্ষে আবু নাঈম এলাকার সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা, বিভিন্ন আবেদন গ্রহণ এবং অভিযোগ সংক্রান্ত বিষয়াদি সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। তার এই মনোনয়ন ২২ জুন ২০২৬ থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
এ বিষয়ে আবু নাঈম বলেন, মাননীয় প্রতিমন্ত্রী মো. নুরুল হক আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি গলাচিপা ও দশমিনা উপজেলার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, আবেদন ও অভিযোগ যথাযথভাবে প্রতিমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এছাড়া এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও জনগণের সেবায় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।
মন্তব্য করুন