মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা অমান্য ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে পটুয়াখালীর গলাচিপায় তিনজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের নমোস্লুইজ সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হাসেম কাজীর ছেলে মো. সাদেক কাজী, বারেক মোল্লার ছেলে রবিউল হাসান এবং মকবুল হাওলাদারের ছেলে বাবু মিয়া। পরে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় মো. সাদেক কাজী ও রবিউল হাসানকে ২০ দিন করে এবং বাবু মিয়াকে ১৪ দিনের কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, মা ইলিশ সংরক্ষণে নির্ধারিত ২২ দিনের নিষেধাজ্ঞাকালে নদীতে মাছ ধরা বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন