একটি সেতু ছিল দুই ইউনিয়নের মানুষের চলাচলের প্রধান ভরসা। প্রতিদিন এই সেতু দিয়ে যাতায়াত করতেন শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, ব্যবসায়ীসহ কয়েক হাজার মানুষ। কিন্তু মালবাহী একটি ট্রলারের ধাক্কায় সেতুটির মাঝের অংশ ভেঙে খালে পড়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে সরাসরি সড়ক যোগাযোগ। এখন গন্তব্যে পৌঁছাতে খাল পার হতে হচ্ছে নৌকায়। কেউ ঘুরপথে যাচ্ছেন কয়েক কিলোমিটার বেশি, কারও বাড়তি সময় ও খরচ দুটোই বাড়ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও রোগীরা।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ও ডাকুয়া ইউনিয়নের সংযোগস্থলে এ ঘটনা ঘটেছে। এতে আশপাশের অন্তত ১০ গ্রামের আড়াই থেকে তিন হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে গজালিয়া বাজারসংলগ্ন গজালিয়া খালে একটি মালবাহী ট্রলারের ধাক্কায় সেতুটির মাঝের অংশ ভেঙে পড়ে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গলাচিপা পৌরসভার গোডাউন থেকে চরকাজল ইউনিয়নের জন্য বরাদ্দ করা ১০ টাকা কেজি দরের ফেয়ার প্রাইস কর্মসূচির চাল নিয়ে একটি ট্রলার চরকাজলের শিবা এলাকার দিকে যাচ্ছিল। গজালিয়া খালের ওপর নির্মিত সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় চালকের অসাবধানতায় ট্রলারটি সেতুর স্টিলের কাঠামোয় ধাক্কা দেয়। এতে বিকট শব্দে সেতুর মাঝখানের দুটি পাট ভেঙে খালে পড়ে যায়। এরপর থেকে সেতু দিয়ে সব ধরনের চলাচল বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, প্রায় ২৪০ ফুট দীর্ঘ পুরনো স্লিপার আয়রন সেতুটির মাঝখানের অংশ ভেঙে ঝুলে আছে। কোথাও লোহার কাঠামো বাঁকা হয়ে ঝুলছে, কোথাও ভাঙা পাটাতন পড়ে রয়েছে খালের পানিতে। দুর্ঘটনার পর বড় ধরনের ঝুঁকি এড়াতে সেতু দিয়ে মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে খালের দুই পাড়ের মানুষের যোগাযোগের একমাত্র ভরসা এখন নৌকা।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, সেতুটি দিয়ে প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০টি মোটরসাইকেল ও ইজিবাইক চলাচল করত। কলাগাছিয়া ইউনিয়নের অধিকাংশ বাসিন্দার পাশাপাশি গজালিয়া ইউনিয়নের চরচন্দ্রাইল, দক্ষিণ চরচন্দ্রাইল, ইছাদি, কাটাখালী ও হরিদেবপুরসহ আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষ এই পথ ব্যবহার করেন।
সেতুটি ভেঙে পড়ায় গজালিয়া থেকে ডাকুয়া, কলাগাছিয়া ও উপজেলা সদরে যাতায়াত করতে হচ্ছে বিকল্প পথে। কেউ নৌকায় খাল পার হচ্ছেন, কেউ আবার ঘুরপথে গন্তব্যে পৌঁছাচ্ছেন। এতে বাড়ছে যাতায়াতের সময় ও খরচ। জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়া নিয়েও তৈরি হয়েছে ভোগান্তি। প্রতিদিনের যাতায়াতে অনিশ্চয়তা তৈরি হয়েছে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের।
স্থানীয় বাসিন্দা ফকু মিয়ার মেয়ে গলাচিপা সরকারি কলেজে পড়াশোনা করেন। সেতুটি ভেঙে যাওয়ায় মেয়েকে এখন গজালিয়া বাজার থেকে ঠাকুর বাজার ঘুরে কলেজে যেতে হবে।
ফকু মিয়া বলেন, আগে সেতু দিয়ে সহজেই মেয়েকে কলেজে যাতায়াত করতে হতো। এখন ঘুরপথে যেতে হবে। এতে সময় ও খরচ দুটোই বাড়বে। প্রতিদিন এভাবে যাতায়াত করা খুবই কষ্টকর হবে।
একই ধরনের ভোগান্তির কথা জানিয়েছেন কলেজছাত্র রোমান গাজীও। তাঁর মতো অনেক শিক্ষার্থীকে এখন বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে।
সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সেতুটি ভেঙে পড়ায় আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করা প্রয়োজন।
গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস বলেন, ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করেন। তাঁদের মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক রয়েছেন। সেতুটি ভেঙে পড়ায় সাধারণ মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ২৫ বছর আগে নির্মিত পুরোনো সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। বিভিন্ন সময়ে যানবাহনের ধাক্কায় এর কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৫ সালে ইটবোঝাই একটি ট্রলির ধাক্কায় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে কাঠের পাটাতন বসিয়ে সাময়িকভাবে চলাচল স্বাভাবিক করা হয়। পরে ২০২৬ সালেও সেতুর একটি অংশ ভেঙে পড়লে স্থানীয় চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাস কাঠ দিয়ে মেরামতের ব্যবস্থা করেন।
অন্যদিকে পুরোনো সেতুর পাশেই নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০২১-২২ অর্থবছরে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রায় ৫ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ৭২ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু নির্মাণের দায়িত্ব পায় বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাজী এন্টারপ্রাইজ।
কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও সেতুটির নির্মাণকাজ শেষ হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুই পাশের বেজমেন্ট নির্মাণের পর থেকে কাজের তেমন অগ্রগতি নেই। নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও সেটি চালু না হওয়ায় পুরোনো ঝুঁকিপূর্ণ সেতুর ওপরই নির্ভর করতে হচ্ছিল তাঁদের। এবার সেটিও ভেঙে পড়ায় যোগাযোগব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে চলাচল করা এই সেতুর পরিবর্তে নতুন সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করতে হবে।
এ বিষয়ে গলাচিপা উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, ভেঙে পড়া পুরনো সেতুটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নির্মাণাধীন নতুন সেতুর কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে নিয়মিত তাগিদ দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন