পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মো. বাহাদুর খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাহাদুর ওই গ্রামের মৃত মো. সেকান্দার খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সোয়া ১০টার দিকে গলাচিপা থানার এসআই সোহেল খানের নেতৃত্বে পুলিশের একটি দল বড় গাবুয়া গ্রামের বাহাদুর খানের বসতঘরে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(ক) অনুযায়ী গলাচিপা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, সোমবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন