আসন্ন গলাচিপা পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন পৌর যুবদলের সাবেক আহবায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ। বহুল আলোচিত ও জনপ্রিয় এ নেতা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দিয়ে শহরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ইতিবাচক আলোচনায় রয়েছেন । ইতোমধ্যে তিনি তার ৮ দফা নির্বাচনী ইশতেহারও প্রকাশ করেছেন। ফলে শহরে তিনি এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন।
ব্যবসায়ী ও সাধারণ মানুষ মনে করেন- পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য ৪ নম্বর ওয়ার্ড গড়ার লক্ষ্যে জাহিদুল ইসলাম জাহিদের বিকল্প নেই। ইতোমধ্যে ধারাবাহিকভাবে সাধারণ নাগরিক সেবা দিয়ে সকলের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়েছেন তিনি। এলাকাবাসী নতুন প্রার্থী হিসেবে এবার তার দিকেই ঝুকছেন বলে মনে করছেন নির্বাচনী বিশ্লেষকরা। বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সেবায় সর্বদা নিয়োজিত রেখেছেন উদীয়মান এই তরুন নেতা।
জাহিদের নির্বাচনী ইশতেহার সমূহ হলো- পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের অভ্যন্তরীণ সকল রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পিতভাবে সংস্কার ও নির্মাণ করা হবে। বিশুদ্ধ পানির সংকটের স্থায়ী সমাধান করা হবে। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনার স্থায়ী সমাধান করে পরিচ্ছন্ন ৪ নম্বর ওয়ার্ড গড়ে তোলা হবে। সকল ব্যবসায়ীকে নিরাপত্তার সাথে ব্যবসা-বাণিজ্য করার জন্য পূর্ণ সহযোগিতা প্রদান করা হবে। সর্বোচ্চ কঠোরতার সাথে ৪ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত করা হবে। সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। ৪ নম্বর ওয়ার্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানসম্মতভাবে গড়ে তোলা হবে এবং ৪ নম্বর ওয়ার্ডের সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে সু-ব্যবস্থা নিশ্চিত করা হবে। ৪ নংম্বর ওয়ার্ডের সকল মসজিদ ও মন্দির আধুনিকায়ন করা হবে।
জাহিদ বলেন, ‘আল্লাহ তায়ালার রহমতে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে আমি যদি গলাচিপা পৌরসভার ৪ ওয়ার্ডের দায়িত্ব পাই তবে ইনশাআল্লাহ উপরোক্ত প্রধান সমস্যাগুলোর স্থায়ী সমাধান করা হবে।’
তিনি আরও বলেন, ‘এছাড়া আরও যে সকল সমস্যা রয়েছে, সেগুলো আপনারা আমাদের কাছে তুলে ধরলে ইনশাআল্লাহ তার স্থায়ী সমাধান করা হবে। তাই আপনাদের সেবা করার একটি সুযোগ দেবেন বলে আমরা আশা রাখি ইনশাআল্লাহ।’
মন্তব্য করুন