প্রতিষ্ঠার ৪৬ বছর পেরিয়ে গেলেও একটি পাকা ভবন পায়নি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘বড়চত্রা দাখিল মাদ্রাসা’। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ টিনশেড ঘরেই চলছে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদান। ভবন সংকট ও শ্রেণিকক্ষের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। দীর্ঘ বছর ধরে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসা এই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা- সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব পাকা ভবন নির্মাণ করবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮০ সালে প্রতিষ্ঠানের ক্রয়কৃত জমিসহ একাধিক ব্যক্তির দানের মাধ্যমে দেওয়া ১ একর ৭ শতাংশ জমিতে একটি ছোট টিনশেড ঘর নির্মাণের মধ্য দিয়ে বড়চত্রা দাখিল মাদ্রাসাটির যাত্রা শুরু হয়। শুরুতে প্রায় ১০০ শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু হলেও ২০১০ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয় এবং বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ছয় শতাধিকে। অথচ প্রতিষ্ঠার চার দশকের বেশি সময় পার হলেও সরকারি কোনো পাকা ভবন নির্মিত হয়নি। পরবর্তীতে প্রতিষ্ঠিত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পাকা ভবন পেলেও বঞ্চিত রয়েছে বড়চত্রা দাখিল মাদ্রাসা।
সরেজমিনে দেখা যায়, একমাত্র টিনশেড ভবনটির চালের বিভিন্ন স্থানে বড় বড় ছিদ্র রয়েছে। ফলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ঢুকে শ্রেণিকক্ষের ভেতর পড়ে এবং শিক্ষার্থীদের বই-খাতা ভিজে যায়। এতে অনেক সময় ঠিকমতো ক্লাস নেওয়া সম্ভব হয় না। অন্যদিকে, গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে টিনের চাল উত্তপ্ত হয়ে শ্রেণিকক্ষের পরিবেশ অসহনীয় হয়ে ওঠে। ফ্যান থাকলেও শিক্ষার্থীদের স্বস্তি মেলে না, ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান।
মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মুছা খান বলেন, ‘মাদ্রাসায় পর্যাপ্ত বেঞ্চ না থাকায় শিক্ষার্থীদের ঠিকমতো বসার ব্যবস্থা করতে পারি না। পাকা ভবন না থাকায় অনেক শিক্ষার্থী ভালো পরিবেশের আশায় গলাচিপা শহরে গিয়ে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে। একটি পাকা ভবন থাকলে শিক্ষার্থী ধরে রাখা সহজ হতো এবং শিক্ষার মানও বাড়ত।
সহ সুপার মাওলানা ইয়াসিন জানান, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত ও ২০১০ সালে এমপিওভুক্ত হওয়ার পরও আজ পর্যন্ত পাকা ভবন না পাওয়া অত্যন্ত দুঃখজনক। নতুন ভবনের জন্য একাধিকবার আবেদন করেও সুফল মেলেনি। প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীর কথা বিবেচনা করে দ্রুত পাকা ভবন নির্মাণের দাবি জানান তিনি।
মাদ্রাসার সুপার মাওলানা মো. অলিউল ইসলাম বলেন, ‘আমার এই মাদ্রাসায় কোন পাকা শ্রেণিকক্ষ নেই, শিক্ষকদের বসার কোন জায়গা নেই। একটি ছোট রুমে ২২ জন শিক্ষক কর্মচারীকে বসতে হয় কষ্ট করে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসরুমের অবস্থা খুবই নাজুক। আকাশে মেঘ দেখলেই ঝড়-বৃষ্টির ভয়ে মাদ্রাসা ছুটি দিতে হয় বাধ্য হয়ে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্তব্য করুন